Homeমতামততৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত?

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত?

Published on

Latest articles

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা...

বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি...

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার নভেম্বরের শুরুতে মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

সংশোধিত শ্রম আইন ২০০৬ অনুসারে, তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের নিয়ম মেনে সরকারের আরও কয়েক মাস আগেই মজুরি বোর্ড গঠন করা উচিত ছিল। সরকার সময়মতো তা না করায় পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন চর্চার ব্যাপক অনুপস্থিতির মধ্যে শ্রমিকদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। এর ফলে তাদের হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হতে হয়েছে। সন্ত্রাসীদের হামলায় প্রাণ গেছে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের।

এখন প্রশ্ন হলো, মজুরি বোর্ড তাড়াহুড়া করে কোন মানদণ্ডের ভিত্তিতে পোশাকশিল্পের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করবে? বোর্ড কি কোনো গ্রহণযোগ্য মানদণ্ড অনুসরণ করবে, নাকি বরাবরের মতো মালিকপক্ষের খেয়ালখুশিমতো শ্রমিকদের ওপর অন্যায্য মজুরি চাপিয়ে দেওয়া হবে?

আইএলও কনভেনশন ১৩১ অনুসারে, শ্রমিক ও তার পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, সামাজিক নিরাপত্তা সুবিধা, উৎপাদনশীলতা, কর্মসংস্থানের হার ইত্যাদি বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে (আর্টিকেল ৩, আইএলও কনভেনশন ১৩১)।

বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর ধারা ১৪১ অনুসারে, ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, জীবনযাত্রার মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত পণ্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সক্ষমতা এবং দেশের ও সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিবেচনা করতে হবে।

কিন্তু মুশকিল হলো, আইনে উল্লেখ করা এসব বিষয় বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের জন্য দেশে কোনো স্বচ্ছ ও গ্রহণযোগ্য সূত্র তৈরি করা হয়নি। ফলে বরাবরই ব্যবসায়ী গোষ্ঠীর ক্ষমতার জোরে এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় পোশাকশিল্পসহ বিভিন্ন বেসরকারি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়।

অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের ক্ষেত্রে জরিপ চালিয়ে জীবনযাত্রার ব্যয় নির্ধারণ এবং তার ভিত্তিতে নতুন বেতন কাঠামোর সুপারিশ করতে দেখা গেছে। নবম জাতীয় বেতনকাঠামোর সুপারিশ তৈরির আগে জাতীয় বেতন কমিশন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) দিয়ে ২০২৫ সালের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর একটি জরিপ করায়।

বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল ‘জীবনযাত্রার মান জরিপ ২০২৫’ শীর্ষক এ প্রতিবেদন তৈরি করে। এ জন্য ডিজিটাল সাক্ষাৎকার পদ্ধতিতে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিবিএস। গ্রাম, শহর ও সিটি করপোরেশন এলাকার ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে মোট ৩ হাজার পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়।

এই জরিপে দেখা যায়, সিটি করপোরেশন এলাকায় একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা। শহরাঞ্চলে প্রতি পরিবারের মাসিক ব্যয় ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ হাজার ৫৩২ টাকা।

এই জরিপের ভিত্তিতেই সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে একজন সরকারি চাকরিজীবীর সর্বনিম্ন (২০তম গ্রেডে) মোট বেতন নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ২৫০ টাকা। আর ঢাকায় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মোট বেতন ৩৬ হাজার ২৫০ টাকা।  

পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্বতন্ত্র কোনো সূত্র না থাকায় সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতনকে ভিত্তি হিসেবে ধরা যেতে পারে। পোশাকশিল্পসহ বেসরকারি খাতের শ্রমিক এবং সরকারি চাকরিজীবীরা একই বাজার থেকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন। 

সরকারি চাকরিজীবীরা বেতনের পাশাপাশি পেনশনসহ নানা সুবিধা পান। পোশাকশিল্পের মালিকেরা সরকারের কাছ থেকে কর ছাড়সহ বিভিন্ন সুবিধা পেলেও শ্রমিকেরা সরকারের কাছ থেকে তেমন কোনো সুবিধা পান না। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সরকারি খাতের সর্বনিম্ন বেতনের চেয়ে কম হওয়ার কোনো যুক্তি নেই।

এ কারণে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা ৩০০ ডলার নির্ধারণের দাবি জানিয়েছে চারটি জোটের ৩৫টি শ্রমিক ফেডারেশন।

প্রশ্ন আসতে পারে, দেশের পোশাকশিল্পের এই পরিমাণ মজুরি দেওয়ার সক্ষমতা আছে কি না। প্রকৃতপক্ষে শিল্পের সক্ষমতার প্রশ্নটি আসতে পারে বেঁচে থাকার মতো মজুরির চেয়ে কত বেশি মজুরি ন্যূনতম হিসেবে নির্ধারণ করা হবে, তা হিসাব করার ক্ষেত্রে। 

পণ্য উৎপাদনের বিভিন্ন উপকরণের উপযুক্ত দাম মিটিয়েই কারখানার মালিককে ব্যবসা করতে হয়। তাহলে পণ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ শ্রমশক্তির দাম বা মজুরি কেন শিল্পের সক্ষমতার কথা বলে উৎপাদন ব্যয়ের চেয়ে কম রাখা হবে? 

শ্রমশক্তির উৎপাদন ব্যয় নির্ভর করে শ্রমিকের নিজের ও তার পরিবারের টিকে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপকরণের দামের ওপর।

মজুরি যদি শ্রমিকের নিজের ও তার পরিবারের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম উপকরণের খরচের চেয়ে কম হয়, তাহলে তারা সুষম ও পুষ্টিকর খাবার না খেয়ে, সন্তানের শিক্ষার প্রয়োজনীয় ব্যয় কমিয়ে, অসুস্থ হলে যথাযথ চিকিৎসা না নিয়ে এবং সুস্থ বিনোদনের জন্য তেমন অর্থ ব্যয় না করেই কোনোরকমে জীবন কাটাতে বাধ্য হন।

এতে ক্ষয় হতে থাকে শ্রমিক ও তার পরিবারের জীবন। বাংলাদেশের অন্য সব শিল্পের শ্রমিকদের মতো দেশের প্রধান রপ্তানি আয়কারী পোশাকশিল্পের শ্রমিকদের বাস্তবতাও এমন।

কিন্তু শ্রমিকদের এ রকম মানবেতর জীবনে আটকে রেখে কোনো শিল্প টেকসই হতে পারে না। কাজেই শিল্পের সক্ষমতার কথা বলে শ্রমিক ও তাদের পরিবারের মানসম্পন্ন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মজুরির চেয়ে কম মজুরি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আরেকটি বিষয় হলো, পোশাক উৎপাদনের মোট খরচে মজুরির অংশ মাত্র ১০ থেকে ১৩ শতাংশ। ফলে শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বাড়ানো হলেও সামগ্রিক উৎপাদন খরচ এতটা বাড়বে না যে শিল্প ধ্বংস হয়ে যাবে। 

তাছাড়া সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেডের বেতন নির্ধারণের ক্ষেত্রে কি সরকারের বিদ্যমান রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনা করা হয়েছে? নাকি জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগে বেতন নির্ধারণ করা হয়েছে, এরপর নানা উপায়ে সেই অর্থের সংস্থান করা হচ্ছে?

পোশাকশিল্পের এই পরিমাণ মজুরি দেওয়ার সক্ষমতা আছে কি না, তা বিচার করতে হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় থাকা অন্যান্য দেশের ন্যূনতম মজুরি কত, তা দেখতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে তুলনা করা যেতে পারে।

বাংলাদেশে পোশাকশিল্পের ন্যূনতম মজুরি মাসিক ১২ হাজার ৫০০ টাকা বা ১০১ ডলার। অন্যদিকে ভিয়েতনামের রাজধানী ও বড় শহরগুলোতে (রিজিয়ন-১) বর্তমানে ন্যূনতম মজুরি ২০২ ডলার বা ২৫ হাজার ৪৮ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে তা বেড়ে ২২১ ডলার বা ২৭ হাজার ৪০৪ টাকা হবে।

বাংলাদেশের পোশাকশিল্পের মালিকেরা শ্রমিকদের তুলনামূলক কম মজুরি দেওয়ার যুক্তি হিসেবে কম উৎপাদনশীলতার কথা বলেন। তাদের দাবি, ভিয়েতনামের পোশাকশ্রমিকদের উৎপাদনশীলতা বাংলাদেশের শ্রমিকদের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি।

কিন্তু শিল্পের উৎপাদনশীলতা মূলত নির্ভর করে মালিকপক্ষের ভূমিকার ওপর; কারখানার প্রযুক্তি, কর্মপরিবেশ ও শ্রমিকদের প্রশিক্ষণের পেছনে মালিকপক্ষের বিনিয়োগের ওপর। ফলে তুলনামূলক কম উৎপাদনশীলতার দায় শ্রমিকদের ওপর চাপানো যৌক্তিক নয়।

তারপরও পোশাকশিল্পের মালিকদের এই কম উৎপাদনশীলতার দাবি যদি মেনে নিই, তাহলেও দেখা যায়, উৎপাদনশীলতা যতটা কম, মজুরি তার চেয়ে অনেক বেশি কম। বাংলাদেশের একজন শ্রমিকের উৎপাদনশীলতা ভিয়েতনামের শ্রমিকের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ কম, অথচ মজুরি কম প্রায় ১০০ শতাংশ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কম মজুরির সঙ্গে কম উৎপাদনশীলতার সম্পর্ক রয়েছে। মজুরি বাড়ানো হলে শ্রমিকেরা পুষ্টিকর খাবার খেতে পারবেন, তাদের জীবনযাত্রার মান বাড়বে। ফলে উৎপাদনশীলতাও বাড়বে। 

‘ইফিশিয়েন্সি ওয়েজ থিওরি’ অনুসারে, তুলনামূলক ভালো মজুরি শ্রমিকদের আরও বেশি কাজ করতে উৎসাহিত করে, যা তাদের উৎপাদনশীলতা বাড়ায়।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে তাই শ্রমিকের জীবনধারণের ব্যয়কে প্রধান বিবেচনায় নিতে হবে। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতনের চেয়ে পোশাকশ্রমিকদের মজুরি কম হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই। 

ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের মজুরি ও উৎপাদনশীলতার তুলনা থেকে স্পষ্ট যে শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ালেই বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এমন মনে করার কোনো কারণ নেই। 

বরং শ্রমিকদের পুষ্টি, জীবনযাত্রার মান ও দক্ষতায় বিনিয়োগ পোশাকশিল্পের উৎপাদনশীলতা ও সক্ষমতা বাড়ানোর একটি উপায় হতে পারে।

অতএব, মজুরি বোর্ডের দায়িত্ব শুধু পোশাকশিল্পের মালিকদের কতটা মজুরি দেওয়ার সক্ষমতা আছে, তা নির্ধারণ করা নয়; বরং শ্রমিক ও তাদের পরিবারের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য কতটা মজুরি প্রয়োজন, তা নির্ধারণ করা। সেই প্রয়োজনকে ভিত্তি করেই কারখানার মালিকদের শিল্পের সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর উপায় খুঁজতে হবে।

ন্যূনতম মজুরি নিয়ে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারকে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অর্থনীতি ও মজুরি বিষয়ে বিশেষজ্ঞ এবং নির্বাচিত শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে হবে।

মজুরি কমিশন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য একটি সূত্র তৈরি করবে, যেখানে শ্রমিক পরিবারের মাসিক খাদ্য ব্যয়, খাদ্যবহির্ভূত ব্যয় (যেমন বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক কার্যক্রম ও বিনোদন) এবং ন্যূনতম মাসিক সঞ্চয়ের বিষয়টি বিবেচনায় নিতে হবে। 

এই সূত্র অনুযায়ী, পরিবারের একমাত্র উপার্জনকারীকে বিবেচনায় নিয়ে একটি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির নিরিখে প্রতি তিন বছর পরপর তা পুনর্নির্ধারণ করতে হবে।

এরপর জাতীয় ন্যূনতম মজুরিকে ভিত্তি হিসেবে ব্যবহার করে খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। শিল্পের উৎপাদনশীলতা ও সক্ষমতা অনুসারে এই মজুরি জাতীয় ন্যূনতম মজুরির চেয়ে বিভিন্ন হারে বেশি হতে পারে, কিন্তু কোনোভাবেই কম হওয়া যাবে না।

জাতীয় ও খাতভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কমিশনকে মজুরির পরিমাণ নির্ধারণের ভিত্তি, হিসাবপদ্ধতি এবং এ কাজে ব্যবহৃত তথ্য-উপাত্ত প্রকাশ করতে হবে।

দেশের শ্রমিকদের জীবন-জীবিকার সুরক্ষা, ঘনঘন শ্রমিক অসন্তোষের অবসান এবং টেকসই শিল্পখাত গড়ে তোলার জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্য-উপাত্তভিত্তিক পদ্ধতি অনুসরণের কোনো বিকল্প নেই।

 

কল্লোল মোস্তফা: প্রকৌশলী ও লেখক; তিনি বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ ও উন্নয়ন অর্থনীতি নিয়ে কাজ করেন।

[email protected]

 

More like this

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা...

বিটিএসের কনসার্টের আগে আর্মি বম্বের দাম বেড়েছে কয়েকগুণ

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টকে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি...

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চরমে, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির...