দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
গতকাল রোববার সামাজিক মাধ্যমে রাশমিকা জানান, তারা শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। নিজেদের বিশেষ দিনের একটি আলাদা নামও দিয়েছেন, ‘দ্য ওয়েডিং অব ভিরোশ’।
‘ভিরোশ’ নামটি তাদের ভক্তরাই দিয়েছিলেন। এবার সেই নামকেই তারা বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করবেন।
বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ে অনুষ্ঠিত হবে।

রাশমিকা ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের জন্য একটি বার্তা শেয়ার করেন।
তিনি লেখেন, ভক্তরা সবসময় তাদের পাশে ছিলেন। এমনকি যখন তারা নিজেরা ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করেননি তখনো পাশে ছিলেন। ‘ভিরোশ’ নামটি ভক্তদের দেওয়া, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের বিয়েকে সেই নামেই ডাকবেন।
বলিউড লাইফের প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিয়ের কার্ড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ২৬ ফেব্রুয়ারি ছোট ও ব্যক্তিগত আয়োজনে রাশমিকা ও বিজয়ের বিয়ে হবে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
কার্ডে আরও উল্লেখ ছিল, তারা এই বিশেষ মুহূর্তটি কেবল ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নিতে চান। রাশমিকার সাম্প্রতিক ঘোষণার পর এই খবরগুলো আরও জোরালো হয়েছে।
ধারণা করা হয়, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীতা গোবিন্দম’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। সিনেমায় তাদের জুটি দর্শকদের ব্যাপক প্রশংসা পায়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
তবে দীর্ঘ সময় তারা এ বিষয়ে নীরব ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। তখন বিজয়ের টিম একটি গণমাধ্যম সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করলেও, এই জুটি নিজেরা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
